আবেদনে তথ্য গোপন

৪ মাস জামিন চাইতে পারবেন না দুর্নীতি মামলার আসামি

অর্থ আত্মসাতের অভিযোগের এক মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন এক আসামি। কিন্তু তথ্য গোপন করে একটি রুল বিচারাধীন থাকাবস্থায় ফের জামিনের আবেদন করায় আসামির জামিন প্রশ্নে রুল খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে কারাগারে থাকা আসামি চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সহকারী পোস্টমাস্টার (সাময়িক বরখাস্ত) নূর মোহাম্মদ আগামী চার মাস দেশের কোনো আদালতে জামিন চাইতে পারবেন না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি। তিনি বলেন, ডাক বিভাগের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে নূর মোহাম্মদ গ্রেপ্তার হন।