মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক বণিক বার্তা পত্রিকার জাবি প্রতিনিধি হাসান তানভীর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের জাবি প্রতিনিধি খলিলুর রহমান। গতকাল রবিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এ ফল ঘোষণা করেন। এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। করোনা পরিস্থিতির কারণে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কার্যকরী পরিষদে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমন মাহমুদ (দৈনিক জনকণ্ঠ), যুগ্ম সম্পাদক নূর-হাসান নাঈম (দৈনিক ভোরের কাগজ), কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন (সারাক্ষণ.কম), দপ্তর সম্পাদক হাসিব সোহেল (বাংলাদেশ পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাদ্দেকুর রহমান (আমার সংবাদ) এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইজার শাওলিন (স্টুডেন্ট জার্নাল), জাকির হোসেন (সময়ের আলো), আরিফুল ইসলাম শাকিল (ডেল্টা টাইমস), শরিফুল ইসলাম রুমান (ঢাকা প্রতিদিন)।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহযোগী অধ্যাপক মো. আওলাদ হোসেন, সহযোগী অধ্যাপক মো. তাজউদ্দীন সিকদার ও প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক কে এম আককাছ আলী।