সাত দিন ধরে পুলিশ নেতাকর্মীদের ঘরে থাকতে দিচ্ছে না: ডা. শাহাদাত

পুলিশ ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে অভিযোগ করে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাত দিন ধরে পুলিশ নেতাকর্মীদের ঘরে থাকতে দিচ্ছে না।

সোমবার বেলা ১১টার দিকে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ডা. শাহাদাত বলেন, ‘সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উৎসাহী কিছু সদস্যের কারণে সিটি নির্বাচনের পরিবেশ পরিবেশে ধ্বংস হয়ে গেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের বাকি আর মাত্র এক দিন। সাত দিন ধরে পুলিশ নেতাকর্মীদের ঘরে থাকতে দিচ্ছে না। ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে। যাদের পাচ্ছে না, তাদের পরিরাকে হুমকি দিয়ে আসছে, যাতে এলাকা ছেড়ে চলে যায়।’

বিএনপির মেয়র প্রার্থী দাবি করেন, ইতোমধ্যে ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা করেছে সাতটি। গায়েবি, সাজানো এসব মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল রোববার রাতেই ধরেছে ২০ জনকে।

তিনি বলেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিমকে গতকাল দিবাগত রাত দেড়টায় চকবাজার থানার পুলিশ ধরে নিয়ে যায়। পরে তাকে ছাড়িয়ে আনা হয়। ওই নেতাকে পুলিশ লুঙ্গি পর্যন্ত পরতে দেয়নি। বাকলিয়ায় মুন্নী নামের এক কর্মীকে ছোট শিশুসহ গ্রেপ্তার করেছে।

শাহাদাত হোসেন বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হচ্ছে। তাদের সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু সুফিয়ান, ইয়াছিন চৌধুরী, উত্তর জেলা বিএনপি নেতা চাকসু ভিপি নাজিম উদ্দিন।