হিলিতে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের হাকিমপুরে মোটরসাইকেল পার্টস নিয়ে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে হাকিমপুরের হিলি-বোয়ালদাড় সড়কের নওনাপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে চালক পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার মকছেদপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৮)।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, সোমবার দুপুরের দিকে হিলি থেকে মোটরসাইকেল পার্টস নিয়ে দুই যুবক মোটরসাইকেল নিয়ে বোয়ালদাড় সড়ক হয়ে রংপুরের বদরগঞ্জের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে হিলি অভিমুখে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই নিহত হন। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে চালক পিকআপ নিয়ে পালিয়ে  যায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে প্রক্রিয়া সম্পূর্ণ করে মরদেহ তাদের স্বজনের নিকট হস্তান্তর করা হবে। একই সঙ্গে ঘাতক পিকআপটিকে আটকে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।