পাকিস্তানে সেনা অভিযানে তালেবানের ২ শীর্ষ কমান্ডার নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর দুইটি পৃথক অভিযানে পাঁচজন তালেবান সদস্য নিহত হয়েছেন। এর মধ্য দুজন শীর্ষ কমান্ডার বলে জানা গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটে।

কাতারভিত্তিক আলজাজিরা জানায়, রবিবার রাতে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

মির আলি এবং কায়সুর এলাকায় এ অভিযান চালানো হয়। কাউসুরে একসময় পাকিস্তান তালেবান নামে খ্যাত তেহরিক-ই-তালেবানের (টিটিপি) হেডকোয়ার্টার ছিল।

নিহত পাঁচজনের মধ্যে সায়্যিদ রাহিম ও সাইফুল্লাহ নুর হচ্ছেন টিটিপির দুইটি আলাদা গ্রুপের শীর্ষ কমান্ডার।

বিবৃতিতে বলা হয়, ২০১৭ সাল থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর ১৭টি হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন রাহিম।

গত বছর উত্তর ওয়াজিরিস্তানে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মির আলি এলাকায় চারজন গোত্রপ্রধান, তিনজন প্রকৌশলীকে হত্যার জন্যও দায়ী করা হয় রাহিমকে।

মির আলি ও ওয়ানা এলাকায় আত্মঘাতী বোমা হামলাকারীদের ট্রেনিং সেন্টার পরিচালনাসহ নতুন সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

অন্য দিকে কাইসুরে সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর বোমা হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন নুর।