শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদারের নির্বাচনী প্রচারে বাধা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীর নিজ বাড়িতে তার স্ত্রী আফরিনা মিতু এ সংবাদ সম্মেলন করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আফরিনা মিতু বলেন, নির্বাচনে
স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর কারণে আমার স্বামীর বিরুদ্ধে ও তার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে প্রতিদ্বন্দ্বী নৌকার মেয়র প্রার্থী আ. মান্নান হাওলাদার। নির্বাচনে দাঁড়ানোর কারণে মিথ্যা মামলার আসামি হয়ে চরম হয়রানির স্বীকার হচ্ছেন আবুল বাশার চোকদার। তিনি উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য। ব্যক্তিগত অর্থ খরচ করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিপদ আপদে সহযোগিতা করছেন। স্বামীর অনুপস্থিতিতে আমি ভেদরগঞ্জ পৌরসভার জনগণের পাশে দাঁড়িয়েছি। হামলা ও মামলার কারণে আমার স্বামী ভোটারদের কাছে যেতে পারছে না। আ. মান্নান হাওলাদার নিশ্চিত পরাজয় জেনে, আমাদের সঙ্গে এমনটা করছে।
তিনি বলেন, ২৪ জানুয়ারি পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ভোট চাইতে গেলে আমাকেসহ আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়ে ধাক্কা ও দেশীয় অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। ওই এলাকা থেকে বের করে দেয় প্রতিদ্বন্দ্বী মেয়র গ্রার্থী আ. মান্নান হাওলাদারের বাহিনী। তাই আমি উপজেলা নির্বাহী অফিসার (রিটার্নিং কর্মকর্তা) ও ভেদরগঞ্জ থানার ওসির কাছে লিখিত দুটি অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি।
তিনি আরো বলেন, প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আ. মান্নান হাওলাদারের বাহিনীর নির্মম আচরণ ও মানসম্মানের ভয়ে নির্বাচনী প্রচার-প্রচার চালাতে পারছি না। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, জনগণের কাছে দোয়া ও ভাট চাওয়ার জন্য যেন যেতে পারি আপনারা সেই সুযোগ করে দেবেন। আশা করি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিতে সহযোগিতা করবেন।
স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদারের সমর্থক মমতাজ বেগম বলেন, রবিবার আমরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভোট চাইতে গেলে মান্নান হাওলাদারের লোকজন আমাদের হাত থেকে লিফলেট নিয়ে যায়। পরে তাড়িয়ে দেয়।
নাসিমা আক্তার বলেন, ভোট চাইতে গেলে মান্নান হাওলাদারের সমর্থকরা আমার বোরকা ও গলার চেইন ছিঁড়ে ফেলে। এটা কেমন নির্বাচন? স্বাধীনভাবে ভোট চাওয়ার অধিকার নেই। আমি এর নিন্দা জানাচ্ছি।
ভেদরগঞ্জ পৌরসভায় নৌকার মেয়র প্রার্থী আ. মান্নান হাওলাদার বলেন, আবুল বাশার চোকদার উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য। দলের শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে দাঁড়িয়েছে। তার সঙ্গে অনেক উপজেলা আওয়ামী লীগের নেতারা যোগ দিয়েছে। এখন তারা আমার ও আমার সমর্থকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানভীর আল-নাসীফ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।