তরুণীর নগ্ন ভিডিও সামাজিক যোযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাফিদ সাদমান (২৫) নামে একজনকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। রাফিদ সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র বলে ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সিহাব উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন এক ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় ক্যান্টনমেন্ট থানাধীন পুরাতন ডিওএইচএসের বাসিন্দা ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ সাদমানকে আসামি করা হয়।
এজহারে বলা হয়, রাফিদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তারা দেখা করে। গত ৩০ অক্টোবর রাত ৯টার দিকে রাফিদ কৌশলে ডেকে ওই তরুণীকে বাসায় নিয়ে যায়। সেখানে কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করায়। এতে ওই তরুণী অচেতন হয়ে পড়ে। এরপর আসামি রাফিদ তরুণীকে নগ্ন করে তার ভিডিও ধারণ করে। পরে তরুণীর জ্ঞান ফিরলে তাকে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ছাড়া কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে পরদিন সকালে তাকে ছেড়ে দেয়। এরপর থেকে প্রায়ই তাকে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করানোর ভয় দেখিয়ে ধর্ষণ করে।
আরো জানা যায়, দিনে দিনে রাফিদ বেপরোয়া হয়ে উঠলে ওই তরুণী তার মাকে বিষয়টি জানায়। এক পর্যায়ে রাফিদ ওই তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে। পরিবারের সদস্যরা বিষয়টি নানাভাবে মিসাংসায় ব্যর্থ হয়ে পরে মামলা করেন।
পুলিশ জানায়, তরুণীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
সিহাব উদ্দিন আরো জানান, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।