রাজধানীর হাইকোর্টের সামনে ছিনতাইকারীর ছুরির আঘাতে নিহত জাসদের ঢাকা মহানগর দক্ষিণের সমবায়বিষয়ক সম্পাদক ও শাহবাগ থানার সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।
সোমবার এ ঘটনায় জড়িত একাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ডিবির রমনা বিভাগ জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিশু বিশ্বাস।
সোমবার রাত ৮টায় মিশু বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, অভিযান অব্যাহত আছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হামিদুল হত্যার রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।
গত শনিবার রাতে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর জখম হন হামিদুল। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামিদুল সেগুনবাগিচা এলাকায় ডিস লাইনের ব্যবসা করতেন।
স্বজনরা জানিয়েছেন, হামিদুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর কলেজ রোডে। পরিবার নিয়ে তিনি সেগুনবাগিচা হাইস্কুলের পাশে বসতি-ময়ূরী অ্যাপার্টমেন্টে থাকতেন।