ইনস্টাগ্রামে চুম্বনের ছবি পোস্ট করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানি মডেল-অভিনেত্রী সানা ফখর। স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। কিন্তু সেসব ছবি পোস্টের জেরে নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

পোস্ট করা ছবির ক্যাপশনে সানা লিখেন, ‘প্রজাপতির অনুভূতি মনে করিয়ে দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ’। সবই ঠিক ছিল। বিপত্তি ঘটাল তৃতীয় ছবিটি। এই ছবিতে, সানা ও তার স্বামীকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। ছবিতে একের পর পর এক ভক্তদের নেতিবাচক কমেন্ট আসতে থাকে।

অনেক ভক্ত কমেন্টে লিখেছেন, লজ্জা কোথায়? আবার অনেক ভক্ত নিন্দুকদের কড়া জবাব দিচ্ছেন। ছবি পোস্টের একদিন পরই ভক্তদের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন এই ললিউড তারকা। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, যারা কমেন্ট করেছেন, তাদের জন্য অনেক ভালোবাসা ও প্রার্থনা।

ভিডিওতে হাসতে হাসতে তিনি বলেন, আমি আপনাদের দুঃখ অনুভব করতে পারি। কাওকে কষ্ট দেয়া পাপ। যাই হোক না কেন, ছবিতে যেমনটা দেখেছেন তারা এরকম নন। সমালোচনা করা আপনাদের অধিকার। আপনারা ব্যক্তিগত মতামত জানিয়েছেন। এটাই উচিত এবং সঠিক।

সানা আরো বলেন, আপনাদের শব্দ পছন্দের বিষয়টি গুরুত্বপূর্ণ। শব্দের ব্যবহার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দেয়। অনেকেই খুব সুন্দর বাক্য লিখেছেন, যা আমার পছন্দ হয়েছে। পাশাপাশি অনেকেই নোংরা মন্তব্য করেছেন। তবে ঘৃণার চেয়ে আমি ভালোবাসাই বেশি পেয়েছি। যারা আমাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা করেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা।

গত বছর একই পরিস্থিতিতে পড়েছিলেন ফাহাদ মির্জা ও সারওয়াত জিলানি। সেসময় জিলানি নিন্দুকদের উদ্দেশে একটি বার্তা দেন। বার্তায় তিনি লিখেন, আমাকে অনুসরণ করা থেকে বিরত থাকুন এবং আরো বেশি করে ঘৃণা করুন। সেসময়ও এই প্রশ্নটি সামনে এসেছিল যে, বিবাহিত প্রাপ্তবয়স্কদের পিডিএ (পাবলিক ডিসপ্লে অব অ্যাফেকশন) কি অপরাধ? সূত্র : দ্য ডন