শুরুতেই ৩২ শতাংশ মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহী: জরিপ

দেশজুড়ে করোনার টিকা দেওয়া শুরু হলেই প্রায় ৩২ শতাংশ লোক তা শুরুতেই নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আর প্রায় ৫২ শতাংশ মানুষ টিকা কার্যক্রম শুরুর কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে টিকা নিতে চান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকনোমিকস (আইএইচই) এবং বাংলাদেশ কমো মডেলিং টিমের যৌথ জরিপে এমনটাই দেখা গেছে।

দেশের আটটি বিভাগের ১৬টি উপজেলা এবং ঢাকার দুই সিটি করপোরেশনের তিন হাজার ৫৬০ জনের ওপর পরিচালিত একটি জরিপ থেকে এই ফল পাওয়া যায়। গত ১০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে এ জরিপ চালানো হয়।

জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ১৬ শতাংশ লোক ভ্যাকসিন নিতে অনাগ্রহের কথা জানিয়েছেন। জরিপের ফলাফল বলছে, গ্রামের লোকেদের মধ্যে টিকা নিতে আগ্রহ বেশ স্পষ্ট।

গবেষকরা বলেছেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার পর কী ফলাফল আসে তা জানতে তারা গবেষণা চালিয়ে যাবেন।

গবেষণা দলের সদস্য ও আইএইচই এর সহযোগী অধ্যাপক ডা. শাফিউন শিমুল বলেন এটা আমাদের গবেষণার প্রথম পর্যায়। টিকাদান শুরু হলে আমরা দ্বিতীয় দফা সমীক্ষা শুরু করব।

প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বেলা ৩টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে টিকা কার্যক্রম উদ্বোধন করবেন। এদিন প্রথম করোনা টিকা নেবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা।