সিটি নির্বাচনে ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি আছে: সিএমপি কমিশনার

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, চট্টগ্রামে ৭৩৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছি। ভৌগলিক অবস্থান, ভোটারের সংখ্যা ও অতীতের নির্বাচনী পরিবেশের উপর ভিত্তি করেই গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তবেএ ই সংখ্যাটি পরিবর্তনশীল।পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী বাড়তে পারে।তবে ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুতি আছে।

মঙ্গলবার বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী, নির্বাচনের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা কোনোরকম সমাবেশ মিছিলের সুযোগ নেই। নির্বাচনে যারাই জয়ী হোক তাদের কঠোর বার্তা দিতে চাই, নির্বাচনী জয়ী হয়ে কোনো প্রকার বিজয় মিছিল করা যাবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, আমরা ডানেও তাকাবো না, বামেও তাকাবো না। যিনি আইনশৃঙ্খলার জন্য ‘থ্রেট’হয়ে দাঁড়াবেন, তাকেই কঠোরভাবে দমন করবো। মোগলটুলীর সংঘাতের ঘটনার পর আমরা নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে দিইনি। আমরা সকল দলকেই সমানভাবে সুযোগ দেওয়ার জন্য আইন সমানভাবে প্রয়োগ করেছি।

পুলিশ কমিশনার বলেন, নির্বাচনী কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসারও থাকবে। পুলিশ র‌্যাব আনসারসহ মোট ১৮ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সিটি নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ সদস্য ৯ হাজারের কাছাকাছি। বহিরাগত ঠেকাতে চেক পোস্টে তল্লাশি অব্যাহত রয়েছে। যাদের সাথে ভোটের দিন এনআইডি কার্ড থাকবে তাদেরজন্য সিটি নির্বাচনের পরিবেশ আনন্দমুখর হবে। কিন্তু যাদের কাছে জাতীয় পরিচয়পত্র থাকবে না তাদের জন্য মানে বহিরাগতদের জন্য আমাদের দ্বার বন্ধ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কোনো বহিরাগত এসে যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারে।