চলতি বছরের বেশিরভাগ সময়ই নিউজিল্যান্ডের সীমান্ত বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। করোনা মহামারীর কারণেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে জেসিন্ডা বলেন, দুই মাসের বেশি সময় পর চলতি সপ্তাহে নিউজিল্যান্ডে নতুন করে করোনা সংক্রমণের ঘটনা এটাই প্রমাণ করেছে যে, দেশজুড়ে করোনার হুমকি এখনো আছে। সে কারণে এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে।
তিনি জানান, তার সরকার এখনই সীমান্ত খুলবে না। গত বছর মার্চ থেকেই সীমান্ত বন্ধ রেখেছে নিউজিল্যান্ড। বিশ্বের অনেক শক্তিশালী দেশও যখন করোনার সঙ্গে পেরে উঠছে না তখন নিউজিল্যান্ড প্রথম থেকেই করোনার বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশেষ করে সীমান্ত বন্ধ রাখা, সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরিধান করা, লকডাউন জারিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে শুরু থেকেই নিউজিল্যান্ডে সংক্রমণ ও মৃত্যু ছিল একেবারেই কম।
কিন্তু গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো কমিউনিটি সংক্রমণের কারণে দেশটিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের উদ্দেশে জেসিন্ডা আরডার্ন বলেন, আমাদের চারপাশে করোনার কারণে যে হুমকি তৈরি হয়েছে সেসব কথা চিন্তা করে এ বছরের বেশিরভাগ সময়ই সীমান্ত বন্ধ রাখতে হবে বলে মনে করছি।