২৬ মার্চ দেশে প্রথম আর্ম রেসলিং

মুজিববর্ষ উপলক্ষে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীর হাতিরঝিল মুক্তমঞ্চে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আর্ম রেসলিং বা পাঞ্জা খেলা। বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি, যমুনা গ্রুপের পরিচালক মো. জাকির হোসেন বলেছেন, ‘আগামী বছর চীনের হ্যাংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে এই খেলাকেও অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। আমাদের মূল লক্ষ্য সেই গেমসে অংশ নেওয়া। এর আগে মহানগর টুর্নামেন্টটি আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশব্যাপী আমাদের যাত্রা শুরু হবে।’ সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবকে আর্ম রেসলিং খেলার টেবিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মিনহাজ কামাল খান ও মাহির আলী খাঁন রাতুল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং সহ-সাংগঠনিক সম্পাদক সেকান্দার বাদশা রুহিত। গুলশান ক্লাবের পক্ষ থেকে টেবিলটি গ্রহণ করেন ক্লাবের পরিচালক তাহমিনা রেহমান লিপি। পাঞ্জা লড়ে নতুন টেবিলের উদ্বোধন করেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট সাইফুর রহমান ও সাবেক প্রেসিডেন্ট সাহাব উদ্দিন খান। এছাড়াও একজন প্রতিযোগীর সঙ্গে এ সময় পাঞ্জা লড়েন গুলশান ক্লাবের পরিচালক তাহমিনা রেহমান লিপি।