নলছিটি পৌরসভা নির্বাচন

প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী

৩০ জানুয়ারি ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী কেএম মাছুদ খানের প্রার্থিতা বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহামুদ হাসানের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে গতকাল মঙ্গলবার চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। ফলে নির্বাচন অংশ নিতে মাছুদ খানের আর কোনো বাধা নেই।

মাছুদ খানের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জানা গেছে, গত ৩ জানুয়ারি নলছিটি পৌরসভার মনোনয়নপত্র বাছাইকালে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী কেএম মাছুদ খানের বিরুদ্ধে মামলাসংক্রান্ত কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সি।