দিল্লির রাজপথে ‘শোন একটি মুজিবরের থেকে...’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে।  এসময় ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি’ এই গানের সঙ্গে কুচকাওয়াজ দিল্লির রাজপথে অন্যরকম এক আবহ তৈরি করে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে নয়াদিল্লির রাজপথে আয়োজিত গানের সঙ্গে কুচকাওয়াজে অংশ নেয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ৩০ জানুয়ারি সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

কুচকাওয়াজে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর স্যালুট গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে সময় ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের সমন্বিত কন্টিনজেন্টের নেতৃত্ব দেন লে. কর্নেল আবু মোহাম্মদ শাহনূর শাওন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আমন্ত্রণ জানায় ভারতের হাইকমিশন।