নির্মাণকাজের মান খারাপ হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘টেকসই নির্মাণকাজ করার জন্য প্রকৌশলীদের সঙ্গে প্রশিক্ষিত শ্রমিক প্রয়োজন। এ শ্রমশক্তি তৈরিতে কাজ করবে নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র।’
গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়ায় নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়কে (এলজিইডি) স্বল্পব্যয়ে বেশি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আর্থিক অবস্থা খারাপের কারণে একসময় স্বল্পব্যয়েই সড়ক করা হয়েছে। মন্ত্রী হওয়ার পর আমি বিষয়টি চিহ্নিত করে টেকসই রাস্তার জন্য নকশার সঙ্গে বরাদ্দের নীতিও পরিবর্তন করেছি। এখন থেকে আমাদের গুণগত মানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’