চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে দলের এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকো ও নিউমার্কেট থানার ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, তার ৬৯ জন নেতাকর্মী নেই, তাদের আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা হয়নি, কারও বিরুদ্ধে মামলাও দেওয়া হয়নি।’