প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ভাইয়ের হাতে ভাই খুন

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন আরেক ভাই। তারা দুজন সরাই পাড়া ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর কর্মী বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সরাইপাড়া বার কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, সকালে সরাইপাড়া বার কোয়ার্টার এলাকায় নিজাম উদ্দিন মুন্না নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছেন।

তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে তার ভাই সালাহউদ্দিন কামরুলই তাকে খুন করেছে বলে জানা গেছে। অভিযুক্ত কামরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত মুন্না সরাইপাড়া ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমদের আর ঘাতক কামরুল একই ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।

তবে নির্বাচনী বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি।