বিদায় সোশ্যাল মিডিয়া

যদি লাখ লাখ ফলোয়ার থাকে, হন জগতবিখ্যাত সেলিব্রিটি— তবে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সময় দিতে হয়। বিষয়টি আসলে ততটা সহজও নয়। বরং অন্য কাজ থেকে সময় কেড়ে নেয়।

এ উপলব্ধি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ার ঘোষণা দিয়েছেন ‘বেওয়াচ’-খ্যাত পামেলা অ্যান্ডারসন।

কয়েক দশক ধরে গ্ল্যামারাস অবতারের জন্য সারাবিশ্বে জনপ্রিয় এ অভিনেত্রী। তিনি যুক্ত আছেন নানান ধরনের সামাজিক কর্মকাণ্ডেও।

নিজের মতামত খোলাখুলি জানাতে কোনো কুন্ঠা নেই পামেলার। ইনস্টাগ্রামেই রয়েছে তার ১৬ লাখ ফলোয়ার। অন্যান্য প্ল্যাটফর্মেও আছে কাছাকাছি সংখ্যক অনুসারী।

সম্প্রতি এক ইনস্টা পোস্টে সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দেন পামেলা। বলেন, এটা ইনস্টাগ্রাম, টুইটার বা ফেইসবুকে আমার শেষ পোস্ট। আমি কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহী ছিলাম না। এখন আমি যে জীবন যাপন করে করি, তাতে সতিকার অর্থে অনুপ্রেরণা পাই পড়া ও প্রকৃতিতে।

এর পর ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে বরাবরই পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানান অভিনেত্রী। সঙ্গে পরামর্শ দেন। তার মতে, শুধু শুধু সময় নষ্ট করায় প্রলুব্ধ হওয়া নয়, সবারই লক্ষ্য খোঁজা দরকার।

তার মতে, এই সব মাধ্যম আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে টাকা কামাতে চায়।

গত কয়েক বছরে নানা কর্মকাণ্ডে আলোচনায় এলেও অনেক দিন অভিনয়ে নেই পামেলা। সর্বশেষ ২০১৯ সালে তাকে দেখা যায় ‘নিকি লারসন এট লে পারফুম ডে কাপিডন’ ও রিয়্যালিটি শো ‘দ্য হিলস: নিউ বিগিনিংস’-এ।