মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কাগজে কলমে শুধুমাত্র সেচ্ছাসেবী টিম গঠনের মধ্যেই সীমাবদ্ধ করোনার টিকাদান কর্মসূচীর প্রস্তুতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্র ও ৬ সদস্য বিশিষ্ট ২টি মেডিকেল টিম ও টিকা সংরক্ষনের জন্য ফ্রিজ ক্রয় ছাড়া আর তেমন কোন প্রস্তুতি নেওয়া হয়নি। এতে করে করোনার টিকাদান কর্মসূচী ব্যাহত হবার আশংকা করছেন সচেতন নাগরিক মহল।
জানা যায়, ২৭ জানুয়ারী ঢাকায় টিকাদানের মাধ্যমে করোনার টিকার গ্রহনের কর্মসূচী উদ্বোধন হয়। তবে বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় পৌছানো হবে টিকা। মৌলভীবাজার জেলায় ২৯ হাজার টিকার চাহিদা পাঠানো হয়েছে। মৌলভীবাজারের জেলা হাসপাতালে ১৫ হাজার ভায়েল প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ভায়েলে ১০টি করে এক সাথে দেড় লাখ ডোজ টিকা সংরক্ষন করা যাবে।
মৌলভীবাজার সির্ভিল সার্জন অফিস থেকে ৭টি উপজেলায় করোনা টিকার প্রস্তুতির নির্দেশনা দেয়ার পর কাগজে কলমে টিম গঠন ও ফ্রিজআপের জন্য মালামাল ক্রয় ব্যতিত তেমন কোন জোড়ালো প্রস্তুতি নেই। টিকা প্রদানে নিয়োজিত টিমের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের এখনো প্রশিক্ষণ দেওয়া শুরু হয়নি। কারা কারা টিকা পাবেন তাদের কোন তালিকাও করা হয়নি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া জানান, মৌলভীবাজার জেলায় টিকাদানের তারিখ নির্ধারিত হয়নি। তবে জেলা সিভিল সার্জনের নির্দেশনা মতে টিম গঠন ও ফ্রিজ ক্রয় করা হয়েছে। টিমের সদস্যদের প্রশিক্ষন শীঘ্রই দেওয়া হবে বলে তিনি জানান।