আফগানিস্তানে করোনা ভ্যাকসিন কর্মসূচিকে স্বাগত জানিয়েছে সে দেশের তালেবান গোষ্ঠী। এ কর্মসূচি চলার সময় স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে তারা। তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগের (কোভ্যাক্স) পক্ষ থেকে আফগানিস্তানকে ১১২ মিলিয়ন ডলার তহবিল প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। এ অনুদান দিয়ে ভ্যাকসিন কর্মসূচি চালাবে আফগান সরকার। এর আওতায় দেশটির ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে ২০ শতাংশকে টিকা দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
গত বছর সেপ্টেম্বর থেকে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরু হলেও সহিংসতা অব্যাহত রয়েছে। ভ্যাকসিন কর্মসূচি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ। রয়টার্সকে তিনি বলেছেন, তার সংগঠন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে টিকা কার্যক্রমকে স্বাগত জানাবে এবং সহযোগিতা প্রদান করবে।
শুধু কোভ্যাক্সই নয়, ভারতের কাছ থেকেও ভ্যাকসিন সহায়তা পাচ্ছে আফগানিস্তান। দেশটিকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দিচ্ছে দিল্লি। ভারতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদের আগে টিকা দেওয়া হবে।