চ্যাম্পিয়নের মতোই এগিয়ে চলছে বসুন্ধরা কিংস। গতকাল বিপিএলে টানা চতুর্থ জয় পেয়েছে তারা রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে। চার ম্যাচের সবকটিতে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই তারা। তবে এই ম্যাচের আগে গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবের চার গোলে আরামবাগকে ৬-০ ব্যবধানে হারিয়ে ক’ঘণ্টার জন্য শীর্ষে উঠেছিল শেখ জামাল ধানম-ি ক্লাব। ৩ খেলায় তাদের অর্জন ৯ পয়েন্ট। ব্রাদার্স ও বারিধারার মধ্যে গতকালের অন্য ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
কিংসের চারে চার
উত্তর বারিধারাকে হারিয়ে শিরোধা ধরে রাখার মিশন শুরু করা কিংস দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়নকে সহজেই ধরাশায়ী করে। গতকাল সৈয়দ গোলাম জিলানীর রহমতগঞ্জকে হারাতেও বেগ পেতে হয়নি অস্কার ব্রুজনের শিষ্যদের। ব্রাজিলিয়ান প্লে-মেকার রবসন রবিনহো’র পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রহমতগঞ্জের ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণ আত্মঘাতী গোল উপহার দেন কিংসকে। ম্যাচের শেষ দিকে বদলি স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের লক্ষ্যভেদে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। রবিনহোর গোলসংখ্যা দাঁড়াল ৪।
এবারের প্রথম হ্যাটট্রিক
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে আরামবাগের জালে রীতিমতো গোল উৎসব করেছে শেখ জামাল। শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা জয় পেয়েছে ৬-০ ব্যবধানে। এর চারটিই করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। বাকি দু’গোল এসেছে সতীর্থ সুলায়মান সিলাহর কাছ থেকে।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা জামালকে চতুর্দশ মিনিটে এগিয়ে নেন জোবে। রেজাউল করিমের ক্রসে বল জালে জড়ান তিনি। সিলাহ ব্যবধান দ্বিগুণ করেন চার মিনিট পর। উজবেক মিডফিল্ডার জনভ ওতাবেকের বাড়ানো বল ধরে ঠা-া মাথায় গোল করেন তিনি। ৩৫ মিনিটে শাকিল আহমেদের থ্রু ধরে সিলাহ ফের জালের ঠিকানা পেলে স্কোর হয় ৩-০। ৬০ ও ৬২ মিনিটে দুই গোল করে লিগে প্রথম হ্যাটট্রিকের দেখা পান জোবে। শেষ বাঁশি বাজার আগে ফের গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন এই গাম্বিয়ান। এ নিয়ে ৫ গোল নিয়ে গোলদাতাদের শীর্ষে উঠলেন তিনি।
শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের অভিষেক
টঙ্গীর এই স্টেডিয়ামের অভিষেক ম্যাচটি স্মরণীয় হয়ে রইল রোমাঞ্চকর এক লড়াইয়ে। টান টান উত্তেজনায় ম্যাচটা শেষ হয়েছে ৩-৩ ড্রয়ে। উত্তর বারিধারার হোম ভেন্যুতে তিনবার এগিয়ে গিয়েও জয় না পাওয়ার হতাশায় ডুবতে হয়েছে ব্রাদার্সকে। ৬১ মিনিটে ব্রাদার্সের শফিকুল প্রথম গোল করেন ম্যাচে। ৭৪ মিনিটে বারিধারাকে ম্যাচে ফেরান অধিনায়ক সুমন রেজা। ৮৫ মিনিটে উজবেক ডিফেন্ডার ফুরকাত জনের গোলে ফের এগোয় ব্রাদার্স। কিন্তু দুই মিনিট পর উজবেক মিডফিল্ডার ইভগেনি বারিধারাকে ম্যাচে রাখেন। এক মিনিট পর নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসুর গোলে তৃতীয়বারের মতো আগায় ব্রাদার্স। কিন্তু অতিরিক্ত সময়ে জুয়েল মালিক গোল করে ব্রাদার্সের প্রথম পয়েন্ট নিশ্চিত করেন।