জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরামের সভা অনুষ্ঠিত

দেশের সকল নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও এ সংক্রান্ত নীতি নির্ধারণী ভূমিকা পালনের লক্ষ্যে, জাতীয় সংসদের সাংসদদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, তামাকমুক্ত বাংলাদেশ গঠনসহ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সময়োপযোগী পরামর্শ প্রদান এবং সরকারকে এ বিষয়ে সহযোগিতা করতে কাজ করছেন ফোরামের সদস্যবৃন্দ। 

জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরামটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি; উপদেষ্টা পরিষদে রয়েছেন, অধ্যাপক জনাব ডা. আ. ফ. ম. রুহুল হক এমপি, জনাব আ. স. ম. ফিরোজ এমপি, জনাব বেগম মেহের আফরোজ চুমকি এমপি, জনাব মাহাবুব আরা বেগম গিনি এমপি।

কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন, মো. শহীদুজ্জামান সরকার এমপি, অ্যারোমা দত্ত এমপি, কাজী নাবিল আহমেদ এমপি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।

সদস্যবৃন্দদের মধ্যে রয়েছেন, নাহিম রাজ্জাক এমপি, শিরীন আখতার এমপি, অ্যাড. পীর ফজলুর রহমান এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি,  ডা. সৈয়দা জাকিয়া নুর এমপি, শবনম জাহান এমপি, নাহিদ ইজাহার খান এমপি, অপরাজিতা হক এমপি, অ্যাড. সৈয়দা রুবিনা আক্তার এমপি এবং অ্যাড. আদিবা আনজুম মিতা এমপি।

ইতিমধ্যে ভার্চুয়ালি ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন ফোরামের সাংসদবৃন্দ।

বৃহস্পতিবারের দ্বিতীয় সভায়, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রসঙ্গে আলোচনার পাশাপাশি; জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি ই-সিগারেট আমদানি, উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধকরণ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত গৃহীত হয় মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসাধারণের স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়েও। 

উন্নয়ন সংস্থা স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ফোরামটির সচিবালয়ের ভূমিকা পালন করছে।