গিনেস বুকে নাম লেখাবে ‘শস্য চিত্রে বঙ্গবন্ধু’

বগুড়ায় ১ লাখ ২০ হাজার বর্গমিটার শস্য চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। এটি সম্পন্ন হলে গিনেস বিশ্ব রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘শস্য চিত্রে বঙ্গবন্ধু’ শিরোনামের এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার জন্য নীল ও সোনালি রঙের ধানের চারা ব্যবহার করা হচ্ছে। শুক্রবার থেকে এ চারা রোপণ করা হবে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এর উদ্বোধন করা হবে। এর আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট, যার দৈর্ঘ্য ৪০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার।

মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি বলেছিল তাদের শস্য চিত্রে বঙ্গবন্ধুর চিত্রের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে পারব। বাংলাদেশ পারে এবং পারবে আজ আবার প্রমাণ করতে যাচ্ছে। কৃষিবিদদের উদ্যোগে খুব ভালো কাজ হয়। বাংলাদেশের কৃষিবিদরা যে সফল তা প্রমাণ করে দিয়েছেন। এর আগেও তাদের হাত ধরেই আরো অনেক ভালো কাজ হয়েছে। এ সবকিছুর পেছনে মূল চিন্তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এটা শুধু গিনেস বুকে বাংলার নাম লেখা নয়, বাংলার বুকে জাতির পিতাকে যেন চিরতরে লেখা থাকে সেটাই লক্ষ। এটাই শেষ নয়, এখান থেকে শুরু সমানের দিকে এগিয়ে যাওয়ার।