করোনাভাইরাসের উৎস নিয়ে চীনে তদন্ত করতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের সদস্যরা ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠপর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছেন। উহানে পৌঁছানোর দুই সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার তাদের কোয়ারেন্টাইন হোটেল ছাড়ার কথা ছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, তদন্তকারী দলের সদস্যদের প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কথার লড়াইয়ের কারণে ডব্লিউএইচওর নেতৃত্বাধীন এ দলের মিশন শুরু করতে এমনিতেই বেশ খানিকটা দেরি হয়ে গেছে।
তদন্তকারী এই দলটির চীনের উহানে পৌঁছানোর কথা ছিল জানুয়ারির প্রথম দিকে। দলটির সদস্যদের চীনে পৌঁছতে দেরি হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জনসম্মুখে পেইচিংয়ের সমালোচনাও করেছিলেন।
তবে কোয়ারেন্টাইনে থাকার সময় তদন্তকারী দলটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করেছেন। দলটির নেতৃত্বে আছেন ‘এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে যেতে সক্ষম’ এমন রোগ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিশেষজ্ঞ দলটি আরও অন্তত দুই সপ্তাহ চীনে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এখনই তদন্ত নিয়ে ব্যাপক আশাবাদী না হওয়ার অনুরোধও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডব্লিউএইচওর জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, জবাব মিলবেই এর কোনো নিশ্চয়তা নেই।