মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করেছে : জি এম কাদের

দেশের মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেছেন, দেশের মানুষ এখন আর নির্বাচনে ভোট দিতে যায় না। ক্ষমতা গ্রহণের মাধ্যমে মানুষের সেবা করতেই রাজনৈতিক দলগুলোর রাজনীতি। আর ক্ষমতা গ্রহণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। কিন্তু এখন শুধু একটি দলই নির্বাচনে জয়লাভ করছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুর জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ফলাফল যা-ই হোক জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে চ্যালেঞ্জ ছাড়া কাউকে ছেড়ে দেওয়া হবে না। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে জাতীয় পার্টি। যারা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবে তাদের বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, আদালতের রায়ে ১৯৯০ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ একজন বৈধ রাষ্ট্রপতি ছিলেন। তিনি সাংবিধানিক নিয়ম মেনেই ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তাই একজন বৈধ রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন কখনোই বৈধ হতে পারে না। ১৯৮২ সালে দেশ পরিচালনায় অপারগ হয়ে তৎকালীন রাষ্ট্রপতি সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। ক্ষমতাসীন বিএনপি ছাড়া আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল সেনাবাহিনীর ওই ক্ষমতা গ্রহণকে স্বাগত জানিয়েছিল। আওয়ামী লীগের মুখপত্র দৈনিক বাংলার বাণীসহ সব পত্রিকা স্বাগত জানিয়ে রিপোর্ট করেছিল তখন।

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, আজম খান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।