ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে পাঁচ নারীসহ ১৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ৫২ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, বাংলাদেশে প্রবেশের আগে শেওলায় বিজিবির আইসিপিতে নিয়োজিত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। করোনা নেগেটিভের সার্টিফিকেট থাকায় তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় আসামের বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনারের সহযোগিতায় বিজিবি সহযোগিতা নেয় বিএসএফের।