পাবনা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার করে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক পাবনা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। তবে এ বহিষ্কারাদেশে কোনো দুঃখ নেই বলে মন্তব্য করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আরমান হোসেন। তিনি বলেন, ‘অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করার আদর্শ নিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। হাইব্রিড টাকাওয়ালা ও স্বাধীনতাবিরোধীদের কাছে এখন পাবনার রাজনীতি জিম্মি হয়ে পড়েছে। টাকার বিনিময়ে আদর্শ না বিকিয়ে, ত্যাগী ও আদর্শবান আওয়ামী লীগের পক্ষে থাকায় আমাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে।