কুষ্টিয়ায় নিখোঁজের ১১দিন পর মিলল যুবকের গলিত লাশ

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ১১দিন পর জাহাবুল (২২) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার তালবাড়িয়া বালুঘাটের বালুর মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত যুবক জাহাবুল উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা সুগন্ধিচর এলাকার সাইদুল ইসলামের ছেলে।

মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস জানান, ট্রলি চালক জাহাবুল নিখোঁজের একদিন পর তার পরিবার গত ১৯ জানুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে।

বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।