পৌর নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং দ্বিতীয় ধাপে ইভিএম ও ব্যালট পেপারে ভোট হলেও তৃতীয় ধাপের নির্বাচনে সব পৌরসভায় ব্যালট পেপারে ভোট হচ্ছে।
ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার, যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী দরকার তার চেয়ে বেশি নিয়োগ করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। তাদের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) আইন অনুযায়ী যে কার্যক্রম তা পালন করতে বলা হয়েছে।’
তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও মেয়র পদের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র পদে নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে আজ ভোট হচ্ছে ৬৩ পৌরসভায়।
এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম এবং বাগেরহাটের মোরেলগঞ্জে মেয়র পদে একক প্রার্থী থাকায় তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাছাড়া দুজন করে মেয়র প্রার্থী রয়েছেন ৯ পৌরসভায়। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় মেয়র পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
যেসব পৌরসভায় ভোট : গাইবান্ধার গোবিন্দগঞ্জ; নওগাঁর সদর ও ধামইরহাট; সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ; বগুড়ার ধুনট, গাবতলী, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও কাহালু; রাজশাহীর কেশরহাট ও মুন্ডুমালা; মৌলভীবাজার সদর; ঝিনাইদহের কোটচাঁদপুর ও হরিণাকু-ু; বাগেরহাটের মোরেলগঞ্জ; কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া; চাঁদপুরের হাজীগঞ্জ; ফেনী সদর; মুন্সীগঞ্জ সদর; শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা; ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, ভালুকা ও গৌরীপুর; শেরপুরের নকলা ও নালিতাবাড়ী; নাটোরের সিংড়া; চুয়াডাঙ্গার দর্শনা; ঝালকাঠির নলছিটি; নেত্রকোনার দুর্গাপুর; যশোরের মনিরামপুর; নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া; লক্ষ্মীপুরের রামগঞ্জ; কিশোরগঞ্জের কটিয়াদী; গোপালগঞ্জের টুঙ্গিপাড়া; টাঙ্গাইল সদর, মধুপুর, ভূঞাপুর, সখীপুর ও মির্জাপুর; বরগুনার সদর ও পাথরঘাটা; ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান; কুড়িগ্রামের উলিপুর; দিনাজপুরের হাকিমপুর; চাঁপাইনবাবগঞ্জের রহনপুর; নড়াইলের সদর ও কালিয়া; সাতক্ষীরার কলারোয়া; রাজবাড়ীর পাংশা; পিরোজপুরের স্বরূপকাঠি; বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ; জামালপুরের সরিষাবাড়ী; নীলফামারীর জলঢাকা; পাবনা সদর এবং খুলনার পাইকগাছা।
দেশে পৌরসভা রয়েছে ৩২৯টি। করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পাঁচ ধাপে এসব পৌরসভায় নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপে ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে; এরপর ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ভোট হয়েছে ৬১ পৌরসভায়। চতুর্ধ ধাপে ১৪ ফেব্রুয়ারি ও পঞ্চম ধাপে ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।
আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।