হরিণাকুণ্ডুতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে একজনের কারাদণ্ড

ঝিনাইদহ হরিণাকুণ্ডু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে রাজু আহমেদ (৪৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার ৯ নম্বর চটকাবাড়িয়া কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান এ রায় প্রদান করেন।

রাজু আহমেদ ঝিনাইদহ জেলা শহরের রোস্তম আলীর ছেলে।

ঝিনাইদহ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান জানান, রাজু ভোটকেন্দ্রে গিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছিলেন। এ ঘটনায় তাকে আটক করা হয়। পরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৭৩ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় ও নগদ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।