এইচএসসির ফল রিভিউয়ের আবেদন ৩১ জানুয়ারি থেকে

করোনা মহামারি পরিস্থিতে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ফল নিয়ে যারা খুশি হতে পারেননি, তারা আগামী ৩১ জানুয়ারি থেকে ফল রিভিউয়ের আবেদন করতে পারবেন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফলাফল রিভিউয়ের আবেদন করা যাবে।

শনিবার এ বিষয়ে নোটিস জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ফল রিভিউয়ের আবেদন করা যাবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

রিভিউ আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে পিন নম্বর দেওয়া হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রতিটি আবেদনের জন্য ১২৫ টাকা করে ফি নেওয়া হবে।

উচ্চ মাধ্যমিকে অংশ নিতে নিবন্ধন করা ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।

মহামারীকালে পরীক্ষা ছাড়াই ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

আগের দুই পরীক্ষা অর্থাৎ জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেও এবার ৩৯৬ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ পাননি। আর আগের দুই পরীক্ষায় জিপিএ-৫ না পেলেও এবারের মূল্যায়নের ফলাফলে ১৭ হাজার ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।