গৌরীপুরে ব্যালট ছিনতাইয়ে ইউপি চেয়ারম্যান আটক, সাংবাদিকের ওপর হামলা

ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে সাবেক ও বর্তমান তিন ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটে।

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, সহনহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়াকে আটক করা হয়।

শনিবার বেলা ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।

তিনি জানান, গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রের বিভিন্ন কক্ষ থেকে কিছু ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোট ডাকাতি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে গৌরীপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার চিত্র ধারণ করায় এনটিভির ক্যামেরা ভাঙচুর এবং ক্যামেরা পারসন মাসুদ ও ৭১ টিভির ক্যামেরাপারসন নুরুজ্জামানকে মারধর করে সন্ত্রাসীরা।

শনিবার দুপুর ১টার দিকে পৌরসভার শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সাংবাদিক মাসুদ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গেছে, ওই কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় কয়েকজন ক্যামেরাপারসন তা ভিডিও করছিলেন। এ সময় তাদের উদ্দেশ্য করে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে এসে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

এ সময় সাংবাদিক মাসুদের মাথায়, পিঠে ও পায়ে মারাত্মক ভাবে আঘাত করা হয় এবং পায়ে আঘাত করা হয় সাংবাদিক নুরুজ্জামানকে। ভেঙে ফেলা হয় এনটিভির ক্যামেরা।

এ বিষয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের আহমেদ সিদ্দিকী বলেন, ঘটনার খবর পাওয়ামাত্র পুলিশ, র‌্যাবসহ নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে এসে কেন্দ্রের বাইরে যারা ছিল সবাইকে সরিয়ে দিয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।