গণফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে দলে কোনো অনৈক্য নেই। সব ত্যাগী নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে হবে।
শনিবার দুপুর ১২টার দিকে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণফোরামের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্টু বলেন, দেশব্যাপী চলমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট মোকাবিলায় নবজাগরণের মধ্য দিয়ে গণফোরামের পতাকাতলে সংগঠিত করার প্রত্যয় নিয়ে সব নেতা-কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করব।
অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, দেশে চলমান লুটপাটের বিরুদ্ধে, পরিবারতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী দুঃশাসনের অবসান ঘটাতে হবে। এখন ধান ও পেঁয়াজের মৌসুম কিন্তু সরকার পেঁয়াজ আমদানির আদেশ দিয়েছে। এগুলো কৃষি ও কৃষকের বিরুদ্ধে একটি কৌশলী চক্রান্ত।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জানমালের নিশ্চয়তা নেই, সুবিচার থেকে বঞ্চিত। এ দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-যুব সহ দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আইয়ুব খান ফারুক, খান সিদ্দিকুর রহমান, লতিফুল বারী হামিম, মুহা. রওশন ইয়াজদানী, জান্নাতুল মাওয়া, যুবনেতা মুহম্মাদ উল্লাহ মধু, ছাত্রনেতা সানজিদ রহমান শুভসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা।