টঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে চার নম্বর ওয়ার্ডে আম্মাতুন্নেছা কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে ফল ঘোষণার পর পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মির্জাপুর থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে ওই কেন্দ্রের ভোট গণনা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনার পর পরাজিত প্রার্থীদের সমর্থকরা ওই এলাকার সওদাগড় পাড়ার চার রাস্তার মোড়ে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। পুলিশ ব্যারিকেড সরাতে গেলে পরাজিত প্রার্থীদের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপুসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া উত্তেজিত সমর্থকরা ওসির গাড়িও ভাঙচুর করে। পুলিশ আত্মরক্ষার্থে নয় রাউন্ড রাবার বুলেট ছোড়ে। আহত পুলিশ সদস্যরা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছন বলে জানা গেছে। হামলাকারীদের পুলিশ শনাক্ত করতে পারেনি বলে ওসি জানিয়েছেণ।
তবে হামলাকারীদের কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি শেখ রিজাউল হক দিপু জানিয়েছেন।
ওই ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী মিন্টু সওদাগরের সমর্থকরা এ হামলায় জড়িত থাকতে পারেন বলে স্থানীয়রা মনে করছেন।