কলোরোয়ায় মেয়র পদে নির্বাচিত আওয়ামী লীগের বুলবুল

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার নির্বাচনের মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারি রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল ১৩ হাজার ৪৬৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের নার্গিস সুলতানা পেয়েছেন ১৬২৮ ভোট।

অপর প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের শেখ শরীফুজ্জামান তুহিন পেয়েছেন ৫০৫ ভোট।

আর আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানো দুই দলের বিদ্রোহী প্রার্থী মোবাইল ফোন প্রতীকের (আওয়ামী লীগ বিদ্রোহী) সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু পেয়েছেন ৯৩ ভোট ও সাবেক মেয়র (বিএনপির বিদ্রোহী) আক্তারুল ইসলাম পেয়েছেন ৬ ভোট।

পৌরসভাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়। এ জন্য পৌর এলাকায় নয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম, গোয়েন্দা সংস্থা, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার, স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।