শনিবার অনুষ্ঠিত হাতিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগ প্রার্থী কে এম ওবায়দুল্লাহ বিপ্লবকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিপ্লব ১৬ হাজার ৯৯৮ এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী আবদুর রহিম ২ হাজার ৮৫৫ ভোট পেয়েছেন।
দিনভর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচন শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রার্থীগণ ও তাদের সমর্থকেরা ছাড়াও সাংবাদিক এবং উৎসুক ভোটাররাও উপস্থিত ছিলেন। রাত সাড়ে নয়টায় ফলাফল ঘোষণা শেষ হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আবদুল করিম (ফাইল ক্যাবিনেট ৭১৯ ভোট) ,২নং ওয়ার্ডে মো. ফজলুল করিম (উটপাখি ৯৫৯),৩ নম্বর ওয়ার্ডে রহমত উল্যাহ (ডালিম ৭৯৩) ,৪ নম্বর ওয়ার্ডে আহছান উদ্দিন (পানির বোতল ১২৬৫), ৫নং ওয়ার্ডে মনির উদ্দিন (উটপাখি ৩১৬১),৬ নম্বর ওয়ার্ডে মো. মাঈন উদ্দিন, (পানির বোতল ১১৫০) ৭ নম্বর ওয়ার্ডে দিদারুল ইসলাম খাঁন (উটপাখি ১৫০৫) ও ৮ নম্বর ওয়ার্ডে মো.আলী সাহাব উদ্দিন (ব্রিজ,১৮১০) এবং সংরক্ষিত কাউন্সিলর ১ (১,২ও৩ নম্বর ওয়ার্ড)মনোয়ারা বেগম (আনারস ৩৪৭৮ ভোট ) এবং ২ (৪,৫ও ৬ নম্বর ওয়ার্ড) সুফিয়া বেগম (আনারস, ৩১৪৫ ভোট) কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এ পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্র ১৩টি। ভোটার পুরুষ ১৬ হাজার ৭৫৩ ও নারী ১৫ হাজার ৬৪৫ এবং মোট ৩২ হাজার ৩৯৮ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগেই সাধারণ কাউন্সিলর পদে ৯ নম্বর ওয়ার্ডে নুর হাদী এবং এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে নুর নাহার বেগম রোজিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ১৩ জন প্রিজাইডিং ও ১৭৪ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন।