শিক্ষার্থীদের বন্ধু নির্বাচন করার আগে সতর্ক থাকতে বললেন ডিএমপি কমিশনার

শিক্ষার্থীদের মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে হয়। তাই বন্ধু নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে।

শনিবার ডিএমপির সদস্যদের সন্তানদের ‍উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৯১৫ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃত্তি প্রদান আমাদের সন্তানদের লেখাপড়ায় অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়া হয়। পুরস্কার দেওয়া হয়। পিইসি, জেএসসি, এসএসসি, ও-লেভেল, উচ্চ শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা বৃত্তি প্রাপ্ত ৯১৫ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সর্বমোট ৮৫ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, মীর রেজাউল আলম, কৃষ্ণপদ রায়, এ কে এম হাফিজ আক্তার, মুনিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।