৩য় দফার পৌরভোটেও বর্জন-সহিংসতা

বিভিন্ন পৌরসভার কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ-ভাঙচুর, প্রার্থীর ওপর হামলা এবং প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষাবলম্বনের অভিযোগ তুলে বিএনপিপ্রার্থীদের ভোট বর্জনের ঘোষণার মধ্য দিয়ে তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় এসব পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে। এই ধাপে সব পৌরসভায়ই ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। পৌরসভা নির্বাচনের প্রথম দুই ধাপে সংঘাত-সহিংসতার প্রেক্ষাপটে তৃতীয় ধাপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে তাতেও সহিংসতা নিয়ন্ত্রণে আসেনি।

গতকালের নির্বাচনে ভোটগ্রহণে কারচুপির অভিযোগ তুলে নাটোরের সিংড়া, বগুড়ার শিবগঞ্জ, কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী এবং সাতক্ষীরার কলারোয়াসহ বেশ কয়েকটি জায়গায় বিএনপির মেয়র প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। ফেনী পৌরসভায় একটি কেন্দ্রে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে আহত করা হয়। কয়েকটি কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগের মেয়র  প্রার্থীর এজেন্টসহ তিনজন আহত হয়েছেন। টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হয়েছে। এছাড়া ময়মনসিংহের গৌরীপুরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ।

এদিকে ভোটগ্রহণ শেষে গতকাল রাত ১টা পর্যন্ত দেশ রূপান্তরের কাছে আসা ফলাফলে ৬২টি পৌরসভার মধ্যে ৩০টিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, ৭টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ২টিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র মেয়র প্রার্থী জয়লাভ করেছে।

বিভিন্ন স্থানে সংঘর্ষ

মণিরামপুরে বোমাবাজি ও প্রার্থীকে মারপিট : যশোরের মণিরামপুরে বোমাবাজি, প্রার্থীকে মারপিট ও ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে পৌরসভা নির্বাচন। নির্বাচনের ৯ নম্বর বিজয়রামপুর কেন্দ্রের অদূরে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এ সময় ত্রাস সৃষ্টি করতে মুহুর্মুহু বোমাবাজির ঘটনা ঘটে। অবশ্য পুলিশ বলছে, কয়েকটা পটকা ফুটেছিল। বোমাবাজির অভিযোগ সঠিক নয়। তবে স্থানীয়দের দাবি, শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

লক্ষ্মীপুরের সংঘর্ষ ও গোলাগুলি : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার দুটি ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জিতু দেওয়ান ও মামুনুর রশিদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নেওয়ার কারণে কামরুল হাসান ফয়সাল মাল ও ডালিম প্রতীকের শাখাওয়াত হোসেন রাজু সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এর কিছুক্ষণ পর টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় হামলা হয় গাজর প্রতীকের প্রার্থী মামুন ভূইয়া সমর্থকদের ওপর।

গৌরীপুরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪ : ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে সাবেক ও বর্তমান তিন ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, সহনহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়া। গতকাল দুপুর ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। গৌরীপুরে নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। গতকাল দুপুর ১টার দিকে পৌরসভার শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সাংবাদিক মাসুদ।

মির্জাপুরে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় ওসিসহ আহত ৪ : টঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে চার নং ওয়ার্ডের আম্মাতুন্নেছা কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে এক পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় মির্জাপুর থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে ওই কেন্দ্রের ভোট গণনা শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৯ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

বরুড়ায় ব্যালট ছিনিয়ে ভোট দেওয়ার অভিযোগ : কুমিল্লা বরুড়া পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনিয়ে ভোট দেওয়া এবং প্রতিটি কেন্দ্রে প্রকাশ্যে জাল দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) জসিম উদ্দিন পাটোয়ারী। বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর অভিযোগ, নৌকার প্রার্থী মো. বকতার হোসেন বখতিয়ারের সমর্থকরা তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। এ সময় উঃ শিলমুড়ী কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে নৌকার পক্ষে ভোট দেওয়ার নিউজ কাভারেজের সময় চ্যানেল ২৪-এর কুমিল্লা জেলা প্রতিনিধির ওপর হামলা করে তার মোবাইল ভাঙচুরের ঘটনা ঘটে।

ভোট বর্জন

শিবগঞ্জে বিএনপি প্রার্থীর বর্জন, নন্দীগ্রামে অধ্যক্ষ আটক : ভোটে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন ভোট বর্জনের ঘোষণা দেন। গতকাল ভোট চলাকালে দুপুর সাড়ে ১২টায় তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। এদিকে নন্দীগ্রামের একটি কেন্দ্রে প্রভাব বিস্তার করে ব্যালটে সিল মারার অভিযোগে সরকারি কলেজের এক অধ্যক্ষকে আটক এবং ৫০টি ব্যালট বাতিল করা হয়। এছাড়া ধুনটে কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করা হয় দুজনকে।

সিংড়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন : ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া এবং প্রশাসনের অসহযোগিতাসহ নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন নাটোরের সিংড়া পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী মো. তায়জুল ইসলাম। গতকাল দুপুর ১টার দিকে সিংড়া পৌর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

কলারোয়ায় বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর ভোট বর্জন : সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচনের পাঁচ প্রার্থীর মধ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকি ছিল তিনজন। তাদের মধ্যে গতকাল সকাল সাড়ে ১০টায় ও বেলা সাড়ে ১১টায় স্বতন্ত্র ও বিএনপি প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ভোট কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারা এবং নৌকা প্রতীকে সিল মারা ব্যালট সরবরাহের অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা ও বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়া ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ খান, কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দেন।

সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী ফয়জুল কবীর তালুকদার শাহীন। অপরদিকে মেয়র প্রার্থীর ব্যালট পেপার না থাকায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার। এ সময় আটক করা হয় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে।

চৌদ্দগ্রামে নির্বাচন বাতিলের দাবি বিএনপি প্রার্থীর : কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনকে প্রহসন-তামাশা ও ভোট ডাকাতির নির্বাচন উল্লেখ করে তা বাতিল ও নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হারুন অর রশীদ মজুমদার। গতকাল বিকেলে চৌদ্দগ্রাম বাজারে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ফলাফল

নড়াইলের দুটি পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী : নড়াইলের দুটি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুমান আরা ১৯ হাজার ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা ১২ হাজার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নালিতাবাড়ী ও নকলা পৌরসভায় আ.লীগ জয়ী : শেরপুরের নালিতাবাড়ী ও নকলা পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। নালিতাবাড়ী পৌরসভায় নৌকা প্রতীকে ১২ হাজার ৯৫৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের শহর শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (বাক্কার)। আর নকলা পৌরসভায় নৌকা প্রতীকে ১২ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন।

চৌমুহনীতে স্বতন্ত্র প্রার্থী, হাতিয়ায় আ.লীগের জয়ী : নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আক্তার হোসেন ফয়সলকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্যাহ। এ ছাড়া হাতিয়া পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ কে এম ওবায়দুল্যাহ বিপ্লব।

মির্জাপুরে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত সালমা আক্তার শিমুল।

রাজশাহীর কেশরহাটে নৌকার জয় : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শহিদুজ্জামান শহিদ।

পাইকগাছায় টানা তিনবার নির্বাচিত জাহাঙ্গীর : খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে টানা তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন সেলিম জাহাঙ্গীর। তিনি নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নলছিটিতে নৌকার ওয়াহেদ খান জয়ী : ঝালকাঠির নলছিটি পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বিজয়ী হয়েছেন।

ঝিনাইদহের হরিনাকুন্ডু তে আ.লীগ, কোটচাঁদপুরে স্বতন্ত্র প্রার্থী জয়ী : হরিণাকুন্ডুতে মেয়র পদে ৭ হাজার ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন। আর কোটচাঁদপুরে স্বতন্ত্র প্রার্থী সহিদুজ্জামান সেলিম ৮ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

দর্শনায় আওয়ামী লীগ প্রার্থীর জয় : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মতিয়ার রহমান ১৭ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে চারবার তিনি দর্শনা পৌরসভার মেয়র হিসেবে বিজয়ী হলেন।

উলিপুরে নৌকার জয় : কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ মামুন সরকার মিঠু নৌকা প্রতীক নিয়ে ১৫ হাজার ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সিংড়ায় আ.লীগ প্রার্থীর জয়: নাটোরের সিংড়া পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগ প্রার্থী জান্নাতুল ফেরদৌস ১৯ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চৌদ্দগ্রামে আ.লীগের মীরু বিজয়ী : কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জি এম মীর হোসেন মীরু জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৯২৮ ভোট।

গোবিন্দগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মুকিতুর রহমান রাফি ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নেত্রকোনার দুর্গাপুরে নৌকার প্রার্থী জয়ী : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী মো. আলা উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মনিরামপুরে মাহমুদুল হাসান ফের নির্বাচিত : যশোরের মনিরামপুরে পৌর মেয়র হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদুল হাসান। তিনি নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়েছেন।

সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী : সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। এর মধ্যে গোলাপগঞ্জ পৌরসভায় দলটির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল ৫ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জকিগঞ্জ পৌরসভায় দলের বিদ্রোহী প্রার্থী আবদুল আহাদ ২ হাজার ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফেনী পৌরসভায় নৌকার প্রার্থীর জয় : ফেনী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিয়াজী স্বপন। নৌকা প্রতীকে তিনি ৬৯ হাজার ৩০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

হাজীগঞ্জে মেয়রের চেয়ার ধরে রাখলেন লিপন : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ স ম মাহবুব উল আলম লিপন। তিনি ২৩ হাজার ৬৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

হাকিমপুরে নৌকার জয় : দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত নির্বাচিত হয়েছেন।

বরগুনা ও পাথরঘাটায় আ.লীগের জয় : বরগুনা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। অন্যদিকে পাথরঘাটা পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন আকন।

বগুড়ায় দুটিতে আ.লীগ, একটিতে বিদ্রোহী ও দুটিতে বিএনপির জয় : বগুড়ার ৫টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দুটি, বিএনপি দুটি ও অপর একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে শিবগঞ্জ পৌরসভায় তৌহিদুর রহমান মানিক ও নন্দীগ্রাম পৌরসভায় আনিসুর রহমান, ধুনট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশা এবং বিএনপি থেকে গাবতলী পৌরসভায় সাইফুল ইসলাম ও কাহালু পৌরসভায় আলহাজ আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন।