ড. কামালের নেতৃত্বে দলে কোনো মতানৈক্য নেই : মন্টু

ড. কামালের নেতৃত্বে দলে কোনো মতানৈক্য নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেছেন, ‘সব ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে হবে।’ গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় মন্টু বলেন, ‘দেশব্যাপী চলমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট মোকাবিলায় আসুন কার্যকর গণতন্ত্র ও গণঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই। নবজাগরণের মধ্য দিয়ে গণফোরামের পতাকাতলে সংগঠিত করার প্রত্যয় নিয়ে সব নেতাকর্মীকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। আমরা স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করব।’

সাবেক মন্ত্রী ও বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘দেশে চলমান লুটপাটের বিরুদ্ধে, পরিবারতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী দুঃশাসনের অবসান ঘটাতে হবে। এখন ধান ও পেঁয়াজের মৌসুম কিন্তু সরকার পেঁয়াজ আমদানির আদেশ দিয়েছে। এগুলো কৃষি ও কৃষকের বিরুদ্ধে একটি কৌশলী চক্রান্ত।’