‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ পেল মানবাধিকার পুরস্কার

সুইডেনের ওলফ পালমে মানবাধিকার পুরস্কার-২০২০ জিতেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বর্ণবাদবিরোধী সংগঠন দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার গ্লোবাল নেটওয়ার্ক ফাউন্ডেশন।

বিশ্বজুড়ে ‘পুলিশি নৃশংসতা ও বর্ণবাদী সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন’ গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু হয় বর্ণবাদবিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার অন্দোলনের। গত বছর জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেইলরসহ কয়েকজন কৃষ্ণাঙ্গের ওপর চালানো পুলিশি নৃশংসতাকে কেন্দ্র করে তা আন্তর্জাতিক স্লোগানে পরিণত হয়। গতকাল শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে অনলাইন আয়োজনের মাধ্যমে ফাউন্ডেশনটিকে পুরস্কার প্রদানের কথা রয়েছে। পুরস্কারদাতাদের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রশংসা করে বলা হয়, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন দেখিয়ে দিয়েছে যে বর্ণবাদ ও বর্ণবাদী সহিংসতা শুধু আমেরিকান সমাজের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। ভিন্ন একটি বর্ণের মানুষদের সঙ্গে সমভাবে মূল্যায়িত না হওয়া আফ্রিকান-আমেরিকান সংখ্যালঘুদের কষ্ট, বেদনা ও ক্রোধকে অনন্যভাবে প্রকাশ করেছে এই ফাউন্ডেশন।

১৯৮৬ সালে আততায়ীর হাতে নিহত সুইডিশ প্রধানমন্ত্রী ও মানবাধিকারকর্মী ওলফ পালমের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়।