আসিফের গানে শ্রোতাদের ঐতিহ্যে ফেরাতে চায় ধ্রুব

এক সময় শ্রোতাদের ঐতিহ্যের অংশ ছিল গান শোনা। কিন্তু মিউজিক ভিডিও’র জোয়ারে অডিও’র সেই দিন ফিকে হয়ে গেছে। এবার শ্রোতাদের শুধু গান শোনার আগ্রহকে চাঙ্গা করতে ধ্রুব মিউজিক গ্যালারি নামে নতুন উদ্যোগ নিয়েছে নামি প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন তথা ডিএমএস।

ভিডিও গান প্রকাশের পাশাপাশি বাংলা গানের শ্রোতাদের জন্য তৈরি করছে লিরিক্যাল ভিডিও। ভিন্ন চিন্তা, নান্দনিক ছবি ও গ্রাফিক্সের মাধ্যমে যেখানে প্রধান হয়ে উঠছে গানের অডিওটাই। যা প্রকাশিত হবে ধ্রুব মিউজিক গ্যালারির ইউটিউব চ্যানেলে। আর এ যাত্রায় সঙ্গী হলেন আসিফ আকবর।

সোমবার এ গায়কের নতুন গান ‘পাষাণী’র মাধ্যমে ধ্রুব মিউজিক গ্যালারির অভিষেক হচ্ছে। আসিফের জন্য কথা লিখেছেন ওমর ফারুক, সুর করেছেন মিলন আর সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ জানালেন নতুন এই উদ্যোগ সম্পর্কে। বলেন, ‍“বিশ্বায়নের যুগে বাংলা গানও যুক্ত হয়েছে সমসাময়িক মিছিলে। ফলে বেড়েছে ভিডিও’র কদর। এর কারণে অডিও’র প্রতি মনোযোগ কমে যায় বলে কেউ কেউ দাবি তুলছেন। একটা গানের অডিও যদি কানে থেকে যায়, যদি তা হৃদয়ে জায়গা করে নেয়, আপন মনেই সেই গান লেগে থাকে ঠোঁটের গুনগুনে। টিকে যায় একটা গানের কথা সুর ও গায়কীর অমোঘ আবেদন। সেই আবেদনকে স্থায়ী রূপ দিতেই শুরু হচ্ছে ধ্রুব মিউজিক গ্যালারি।”

এ দিকে আসিফ আকবর বলেন,‍ “ধ্রুব মিউজিক স্টেশন দারুণ এক সিদ্ধান্ত নিয়েছে। যা একবারেই সময়োপযোগী। বিশেষ করে ধ্রুব দা’র সঠিক সময়ে সচেতন দৃষ্টি আমাকে মুগ্ধ করে। ধ্রুব মিউজিক গ্যালারির জন্য শুভ কামনা। সেই সঙ্গে আমার নতুন গান ‘পাষাণী’ দিয়ে যাত্রা শুরু করছে ধ্রুব মিউজিক গ্যালারি। এটাও আমার জন্য এবং আসিফিয়ানদের জন্য আনন্দের একটি ব্যাপার। ‘পাষানী’ গানে আসিফিয়ানরা পুরোনো আসিফ আকবরকে খুঁজে পাবে।”

সোমবার বিকেল ৫টায় ‘পাষাণী’র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ধ্রুব মিউজিক গ্যালারি। ইউটিউব চ্যানেলের বাইরেও গানটি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপে।