স্বপ্ন নাকি বাস্তব!

বলিউডের কিংবদন্তি গীতিকার, চিত্রনাট্যকার, কবি ও বুদ্ধিজীবী জাভেদ আখতারের সান্নিধ্য পেলেন আরিফিন শুভ। যা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ঢাকার তারকা। বুঝতেই পারছিলেন না এ অভিজ্ঞতা স্বপ্ন নাকি বাস্তব!

সোশ্যাল মিডিয়ায় জাভেদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন শুভ। ছবির ক্যাপশনে বোঝা যায় তিনি কতটা অভিভূত।

শুভ লেখেন, “সত্যিকারের কিংবদন্তি, যাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক অভূতপূর্ব সন্ধ্যা; একটি স্বপ্ন বাস্তব হয়েছিল, না কি আমি এখনো স্বপ্ন দেখছি? তিনিই সে ব্যক্তি, যিনি ‘শোলে’ থেকে ‘ডন’, ১৯৪২ সাল থেকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় বহু অমর গীতিকবিতা লিখেছেন... হৃদয়ের গভীরে খোদিত আপনার লেখা প্রতিটি শব্দ গভীর তাৎপর্য রেখেছে... আজকের ব্যক্তি আমির ওপর বড় প্রভাব ফেলেছে।”

আরও বলেন, “আপনার ঘরে আপনার সামনে আমার এই উপস্থিতি কতটা সম্মানের, সেটি ভাষায় প্রকাশ করা ‍যাবে না।”

এ সময় লখনৌর ঐতিহ্যবাহী খাবার দিয়ে অতিথিকে আপ্যায়ন করান ভারতের একাধিক গুরুত্বপূর্ণ পদক-জয়ী জাভেদ আখতার।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ের জন্য মুম্বাই অবস্থান করছেন শুভ। শ্যাম বেনেগালের এ ছবিতে কেন্দ্রীয় চরিত্র তিনি।

তবে জাভেদ আখতার ও শুভর সাক্ষাতে এ ছবির কোনো সংযুক্তি আছে কি-না জানা যায়নি। অভিনেতার সঙ্গে আর কেউ ছিলেন কি-না তাও স্পষ্ট নয়।

বঙ্গবন্ধু’র শুটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। পরিচালক শ্যাম বেনেগাল গত ২১ জানুয়ারি মুম্বাইয়ে একটি স্টুডিওতে ছবির মহরত করেন। বর্তমানে সেখানে অবস্থান করছেন ঢাকার একঝাঁক তারকা।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ যে ‘মুজিববর্ষ’ উদযাপন করছে তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত হয়েছে। ছবির কাজ এ সময়ের মধ্যেই শেষ করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকার ও পরিচালকের।

চলচ্চিত্রটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। এছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র করছেন চঞ্চল চৌধুরী ও খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) এবং মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।