রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যলয়ের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে ওই ছাত্রীর বাবা মামলা করেছেন। থানা পুলিশ তদন্তের স্বার্থে ওই ছাত্রীর নাম ও পরিচয় বিস্তারিত প্রকাশ করেনি।
মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ দেশ রূপান্তরকে বলেন, ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী রবিবার মারা যান। বাবার অভিযোগ, ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ছাত্রীর মৃত্যু বিষক্রিয়া জনিত কারণে হতে পারে। এ ঘটনায় ওই ছাত্রীর দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আটকদের একজন ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশীদ।
মোহাম্মদপুর থানার ওসি আরও জানান, গত শুক্রবার ওই ছাত্রী তার কয়েক বন্ধুর সঙ্গে উত্তরার একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে অসুস্থ্য হয়ে পড়লে তাকে এক বান্ধবীর বাসায় নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার দুপুরে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের আইসিউতে রাখা হয়েছিল।
ওসি বলেন, ঠিক কী কারণে মেয়েটির মৃত্যু হয়েছে, সেটা এই মুহুর্তে বলা যাচ্ছে না। প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। তবে ছাত্রীর বাবা তার কয়েক বন্ধুকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এ ঘটনায় তার দুই বন্ধুকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে ছাত্রীর মৃত্যুর বিষয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক ডা. এনায়েত হোসেন বলেন, শনিবার সকাল সাতটার দিকে অসুস্থ্য এক ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসেন তার দুই সহপাঠি। হাসপাতালে আনার পর দেখা যায় তার রক্তচাপ কম ও পালস পাওয়া যাচ্ছে না। তাকে আইসিইউতে নেওয়া হয়।
ডা. এনায়েত আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি ধানমন্ডি থানায় ও পরে মোহাম্মদপুর থানায় জানায়। পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়। চিকিৎসকদের ধারণা, বিষাক্ত কোন পানীয় বা মদ পানে ছাত্রীটির মৃত্যু হতে পারে। এ বিষয়ে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।