ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ পাবেন প্রাথমিকের সোয়া লাখ শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনার (ইংরেজি ভাষার প্রশিক্ষক) হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। 

তিনি বলেন, ‘৪৬ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে দুই হাজার শিক্ষককে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মাধ্যমে সারা দেশে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।’ 

রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমাদের চার কোটি শিক্ষার্থীদের ১২ বছর বাধ্যতামূলক ইংরেজি বিষয় পড়ার পরও এ বিষয়ে দুর্বলতা দেখা যায়। তাদের এই শেখার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ফলপ্রসূ হচ্ছে না। এ ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের এ প্রশিক্ষণ কর্মসূচি একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’ 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন,  এ সংক্রান্ত প্রশিক্ষণে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সেই কার্যক্রমের যাত্রা শুরু করা হলো। এ বাবদ ৪৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জিএম হাসিবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মনসুর আলম প্রমুখ।