বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটক, নামও মজার— ‘শার্লক হোমস ইন লাভ’। নাম ভূমিকায় আছেন গায়ক-অভিনেতা তাহসান খান।
নিজের গল্পে নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। তার সঙ্গে চিত্রনাট্য করেছেন মুহাম্মদ আবু রাজিন।
সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে তাহসানের বিপরীতে বিন্তু চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।
‘শার্লক হোমস ইন লাভ’ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নির্মাতা জানান, গল্পের নায়িকা বিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। শার্লক হোমস, সুপারম্যান কিংবা স্প্যাইডারম্যানের মতো কোনো কিছুই যে পৃথিবীতে নেই— তা বিশ্বাসই করেন না। একদিন বিন্তুর বাসার গৃহকর্মী নিখোঁজ হয়ে যায়। যাকে তিনি দাদির মতো ভালোবাসেন।
এমন নিখোঁজ সংবাদে ভীষণ মন খারাপ হয়েছে তার। কোথাও খুঁজে না পেয়ে তিনি গৃহকর্মীকে খুঁজতে প্ল্যানচ্যাট করেন; এবং শার্লক হোমসকে ডেকে এনে খোঁজার দায়িত্ব দেন! গৃহকর্মীকে খোঁজা শুরু করে শার্লক হোমস! এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
তাহসান-সাবিলা ছাড়াও এ নাটকে আছেন মিলি বাসার, মাসুম বাসার ও সাবিহা জামান।
১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে ‘শার্লক হোমস ইন লাভ’।