রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন তারাব খেয়াঘাট ও মার্কেট এলাকায় পাকা দ্বিতল ভবন, দোকান ঘরসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিআই (নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ)।

সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিআইডব্লিউটিআই’এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিআই’ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌ-পুলিশ, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিআইএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সোমবার থেকে ৪দিন ব্যাপী অভিযান শুরু হয়েছে।

প্রথম দিনে অভিযানে একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে তিনটি পাকা দোতলা ভবন, ৫টি পাকা একতলা ভবন, ৯টি সেমিপাকা ঘর, ৩৩ টি টিনশেড দোকান, ১ টি শিল্পকারখানার গাইড ওয়ালসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন তারাব এলাকা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত শীতলক্ষ্যার উভয় তীরে অভিযান চলবে। উচ্ছেদ অভিযান শেষে ওয়াকওয়ে ও বনায়ন করা হবে।