বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মোহামেডানকে উড়িয়ে বসুন্ধরার টানা ৫

নিজেদের হোম ভেন্যুতে বড় হারের বেদনায় পুড়ল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সাদা-কালোদের উড়িয়ে শক্তিশালী বসুন্ধরা কিংস পেল প্রিমিয়ার ডিভিশন ফুটবলে টানা পঞ্চম জয়ের দেখা।

সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা।

ম্যাচের পাঁচটি গোলই এসেছে বিদেশিদের পা থেকে। কিংসের পক্ষে জোড়া গোল করেন রাউল অস্কার বেসেরা। একটি করে গোল করেন- রবসন দি সিলভা রবিনিয়ো, জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস। মোহামেডানের পক্ষে একমাত্র গোলটি আবিওলা নুরাতের।

মোহামেডান এ মৌসুমে নিজেদের হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে কুমিল্লাকে। যে মাঠে টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামা বসুন্ধরা যথারীতি আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে। আর উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া মোহামেডান পাল্টা জবাবের চেষ্টা চালিয়েও পারেনি।

প্রথমার্ধে জমজমাট লড়াই হলেও দ্বিতীয়ার্ধে বসুন্ধরা আধিপত্য বিরাজ করে খেলে তুলে নেয় দাপুটে জয়।

চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা ম্যাচের ১০ মিনিটে হেডে জাল খুঁজে নিলে দশম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মোহামেডান অবশ্য ম্যাচে সমতা ফেরাতে সময় নেয়নি। ২২তম মিনিটে আবিওলা নুরাত সাদা-কালোদের পক্ষে গোল করেন।

প্রথমার্ধের শেষ দিকে রবসন দি সিলভা রবিনিয়ো নিখুঁত চিপে লক্ষ্যভেদ করে ফের এগিয়ে নেন বসুন্ধরা কিংসকে (২-১)। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসের গোল করলে ৩-১ এ এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ৮১তম মিনিটে রাউল অস্কার বেসেরা পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল আদায় করেন। তাতে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসরা।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্কার ব্রুসনের বসুন্ধরা কিংস। পাঁচ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া শন লেনের মোহামেডানের পয়েন্ট ৫।