বঙ্গবন্ধু শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন: নির্মলেন্দু গুণ

কবি নির্মলেন্দু গুণ বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তার স্বপ্ন ছিল স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার দেশ। তিনি ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ। এটিই ছিল বাঙালির মুক্তির মূলমন্ত্র।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে “শিল্প-সাহিত্য ও বঙ্গবন্ধু” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এসব বলেন প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ববির বাংলা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন নির্মলেন্দু গুন।  সভায় স্বাগত বক্তব্য রাখেন ববির বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকার।

ভার্চুয়াল আলোচনায় আরও যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান।