রেস্তোরাঁয় এক কেজি প্লাস্টিক জমা দিলেই প্লেট ভর্তি খাবার

পেট ভরে খাওয়ার জন্য কোনো টাকা লাগবে না। দিতে হবে প্লাস্টিক। এতেই প্লেট ভর্তি খাবার হাজির হবে সামনে। ভারতের রাজধানী দিল্লির এক রেস্তোরাঁ এমন অফার দিয়েছে।

জি নিউজ জানায়, রেস্তোরাঁটির নাম গার্বেজ ক্যাফে। দক্ষিণ দিল্লিতে শুরু হওয়া এই রেস্তোরাঁর নিয়মই হচ্ছে, কোনো টাকা নয়, প্লাস্টিক জমা দিন খাবার নিন। কোল্ড ড্রিংকসের খালি ক্যান, প্লাস্টিক বোতলসহ নানা কিছুই নিচ্ছে তারা। এর মধ্যে অনেক মানুষ তাদের এ অফার গ্রহণ করেছে।

দিল্লির বিভিন্ন এলাকায় গার্বেজ ক্যাফে খোলা হয়েছে। সেখানে বহু মানুষ প্লাস্টিক জমা করে খাবার নিচ্ছেন। ক্লিন ইন্ডিয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের রাজধানী শহরে প্লাস্টিকের অত্যধিক ব্যবহার প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার অভিযান চালিয়ে সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে অবগত করছে প্রশাসন। তবে সেটাই যথেষ্ট নয়।

দিল্লিতে সবুজায়নের জন্য আরও অনেকরকম উদ্যোগ নিয়েছে প্রশাসন। রাজধানীতে গাড়ির সংখ্যা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। আর বায়ুদূষণের সমস্যায় গত কয়েক বছর ধরে বিপর্যস্ত দিল্লি।

প্রশাসনের প্রত্যাশা, গার্বেজ ক্যাফে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এ ছাড়া বহু দুস্থ মানুষ প্লাস্টিকের বর্জ্য জমা দিয়ে বিনা পয়সায় খাবার খেতে পারছেন।